বিনোদন ডেস্ক : দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে এখনই কোমর বেঁধে মাঠে নামছেন। অবশ্য নির্বাচন করা তার পুরোনো অভ্যাস। প্রত্যেকবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন। তবে এবার ভিন্ন পথে হাঁটবেন, নির্বাচন করবেন দলীয় প্রতীকে। এমনটাই জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার, ২৪ আগস্ট বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় আ.লীগ-বিএনপিসহ চার রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন বলেও জানান আলোচিত এ ব্যক্তিত্ব।
হিরো আলম বলেন, ‘আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি। আপনাদের জন্য একটি সুখবর আছে সেটা হলো, আমি যেকোনো একটা দলে যোগদান করছি। আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি।’
তিনি বলেন, ‘আমার তো আসন তিনটি। বগুড়ায় ২টি এবং ঢাকায় একটি। দল থেকে করতে হলে তো একটা আসন থেকেই করতে হবে। দল যে আসন দেবে সেই আসন থেকেই নির্বাচন করব।’
হিরো আলম বলেন, তবে সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলে আমি নির্বাচনে যাব।
এর আগে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। সবশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এ পর্যন্ত কোনোটিতেই জয়ের দেখা পাননি তিনি।
আমাদেরকাগজ / এইচকে






















