বিনোদন ১৯ আগস্ট, ২০২৩ ০৪:৫০

মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার নোবেল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন “সা রে গা মা পা” খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। জানা যায়, দুর্ঘটনার সময়ে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

এদিকে তার দুর্ঘটনা কালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় তাকে ক্লান্ত ও মাতলামি করতে দেখা যায়। 

এর আগে গত (বৃহস্পতিবার) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে মাতলামি দেখে ভিডিও ধারণ করেন। ১৮ আগস্ট ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন নোবেল। এ সময় তিনি স্থানীয়দের তাচ্ছিল্য করেও বিভিন্ন মন্তব্য করেন।

এ বিষয়ে পহরডাঙ্গা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “১৭ আগস্ট সন্ধ্যার পর বাড়ির সামনের সড়কে মোটরসাইকেল পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই। সেখানে এগিয়ে গিয়ে দেখি মোটরসাইকেলসহ একজন পড়ে আছেন। মুখ দেখে চিনতে পারি তিনি গায়ক নোবেল। তখন তিনি এলোমেলোভাবে বলছিলেন, ‘আমি গোপালগঞ্জের গায়ক নোবেল’। বোঝা যাচ্ছিল তিনি মদপান করেছেন।”

খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ বলেন, “নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতী নদীর পাড়ে পাওয়া যায়। তাকে স্থানীয়রা পানি ঢেলে কোনো রকম সুস্থ করে তার বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেয়।”

জানা গেছে, টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা হয়। ২২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন।

জামিনে বের হয়ে সংবাদমাধ্যমকে নোবেল জানিয়েছিলেন, তিনি পেছনের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চান। এমন খবরে তার ভক্তরা যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তবে কিছুদিন না যেতেই মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।

আমাদেরকাগজ/এমটি