বিনোদন ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ‘জওয়ান’ ছবির প্রথম গান।
সোমবার ‘জিন্দা বান্দা’ গানটি প্রকাশ করেছেন শাহরুখ খান। যদিও আগে থেকেই অনুরাগীদের প্রস্তুত থাকতে বলেছেন ‘কিং খান’। এরপর নির্ধারিত সময়ে সেই পাওয়ার প্যাকড গান মুক্তি পায়। আর মুহূর্তের মধ্যেই তা দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
মিউজিক ভিডিওটি শাহরুখ খানের এনার্জেটিক প্রবেশের মাধ্যমে শুরু হয়। একই পোশাক পরা একদল নারীর উল্লাসের মধ্য দিয়ে শাহরুখ খানকে স্বাগত জানানো হয়। সানায়া মালহোত্রা এবং প্রিয়ামণির পাশাপাশি মেগাস্টার শাহরুখ তার নাচের ঝলক দেখান। গানটির মাধ্যমে শাহরুখ খান এবং প্রিয়ামণিকে দীর্ঘদিন পর একই ফ্রেমে নাচতে দেখা গেল।
এর আগে চেন্নাই এক্সপ্রেসের 'ওয়ান টু থ্রি ফোর' গানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। গানের শুরুতেই পুলিশের ইউনিফর্মে প্রবেশের ঝলক দেখা যায় কিং খানের। এরপর লাল শার্ট আর কালো প্যান্টে সামনে আসেন শাহরুখ খান। সঙ্গে সমানতালে নাচেন প্রিয়ামণি ও সানায়া।
‘জিন্দা বান্দা’ গানটি লিখেছেন ইরশাদ কামিল। আর কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। জানা গিয়েছে, ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি পংক্তিকে ধার করেই এই গানের কথা লিখেছেন ইরশাদ।
আমাদেরকাগজ/এইচএম






















