বিনোদন ২৬ জুন, ২০২৩ ০৮:৩৫

ঈদের দিন পছন্দের রান্না করব : সুনেরাহ

বিনোদন প্রতিবেক: ঢালিডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল নিজের নাম রেখেছেন বেহেশতীয় ফুলের নামে। তবে এই নামটি রেখেছেন এই অভিনেত্রীর খালা। নামটি তার অনেক পছন্দ হওয়ায় আর নাম পাল্টাননি তিনি। অনেকেই মিডিয়াতে এসে নিজের নাম পরিবর্তন করে ফেলেন। সেদিক থেকে তিনি তা করেননি। তার সময়সাময়িক কাজ ও ঈদুল আজহার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।


সুনেরাহর পথচলা
সুনেরাহর শুরুটা হয়েছিল নাচ শেখার মধ্য দিয়ে। মাত্র আড়াই বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নাচ শেখা শুরু করেন। স্কুলে থাকতে থিয়েটারেও অভিনয় করেছেন। পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তখন বাস্কেটবল ও ভলিবল ছিল তার পছন্দের খেলা। এ ছাড়া তিনি বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন। সেখান থেকে এক পরিচিতজনের মাধ্যমে পথচলা শুরু। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন।

প্রথম ছবি মুক্তি পায় ২০১৯ সালে, তারপর?
‘ন ডরাই’য়ের পর ‘অন্তর্জাল’ আমার দ্বিতীয় ছবি। মাঝে সিনেমা না করলেও ওয়েব বা ফিকশনে কাজ করছি। আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ আন্তর্জাতিক পরিমন্ডলে প্রশংসিত হয়েছে। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা করা হয়নি। আসলে যে ধরনের গল্পে কাজ করতে চাই, তেমন গল্প পাইনি।

আপনার অভিনীত ছবি ‘অন্তর্জাল’ নিয়ে বলুন
অন্তর্জাল দেশের প্রথম সাইবার থ্রিলার গল্পের ছবি। তরুণ প্রজন্মের গল্পের ছবি। গতানুগতিক গল্পের বাইরের একেবারে ভিন্ন একটি গল্প। গল্প ভিন্ন হওয়ায় আমার চরিত্রটিও ভিন্ন। এখানে আমার অভিনীত চরিত্রের নাম প্রিয়ম। সে একজন রোবট ইঞ্জিনিয়ার। এখানে আমার বিপরীতে আছেন সিয়াম। ছবিটি দেখার পর তরুণ প্রজন্মের অনেকেই প্রিয়ম হতে চাইবেন।

‘অন্তর্জাল’ নিয়ে কতটা আশাবাদী?
প্রতিটি ছবির একটি নিজস্ব মেরিট আছে। অন্তর্জাল মানসম্পন্ন ছবি। প্রযুক্তি ও সাইবার দুনিয়ার নানা বিষয় রয়েছে এই ছবিতে। এ ধরনের গল্প আমাদের সিনেমায় আগে আসেনি। আশা করি, অন্তর্জাল দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে।


ঈদুল আজহার দিনের পরিকল্পনা?
সকালে ঘুম থেকে উঠেই কিছু ফেভারিট ডিশ কুক করার প্ল্যান আছে। সিনেমা হল ভিজিট করতে যাবো তাই দুপুর থেকেই সাজগোজটা শুরু হবে। বরাবরের মতো আমি হালকা মেকআপে একটা লুক ক্রিয়েট করব। সময় পেলে শাড়ি পরব।

অনেক বছর পর লুক @ মি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়েছি। খুব ভালো লাগছে। ৩টা ভিন্ন আউটফিটের সঙ্গে ৩টি ভিন্ন লুকে নিজেকে প্রেজেন্ট করলাম। অসাধারণ কিছু ফিউশন ধাঁচের এই আউটফিটগুলো ডিজাইন করেছে ডিজাইনার ভাইলা বাই ফারিহা। মেকাপ আর্টিস্ট ছিলেন ফারিভা এলাহী। ফটোগ্রাফার ফাহিম হোসেন অসাধারণ কিছু ছবি তুলেছেন।

ঈদ শুভেচ্ছা
দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকলকে নিয়ে আমার সিনেমা ‘অন্তর্জাল’ ও অন্যান্য সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পরিবারের সাথে দারুণভাবে উপভোগ করুন এবারের ঈদ। সকলকে ঈদ মোবারক।
আমাদের কাগজ / এইচকে