বিনোদন ১৪ জুন, ২০২৩ ০৬:৩৬

অভিনয়ে ফেরা নিয়ে যা বললেন মাহি

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মাতৃত্বজনিত কারণে অনেক দিন ধরে অভিনয়ের বাইরে আছেন। আড়াই মাস হলো পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। সম্প্রতি ছেলের ছবি প্রকাশ করেছেন।

অনেকের মনে প্রশ্ন, আর কতদিন অভিনয় থেকে দূরে থাকবেন মাহি? এবার মুখ খুললেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন তার ফেরার পরিকল্পনা।

তিনি বলেন, ‘সবে মা হয়েছি। তাই আগে সন্তানকে বড় করা, ওর সবকিছুর সঠিক দেখভাল, এরপর অন্য কাজ। ফারিশ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তাই ওকে ছাড়া একমুহূর্ত দূরে থাকা কঠিন। তবে অভিনয়ে যে ফিরব না– এমন কথা বলছি না। সবকিছু গুছিয়ে তবেই অভিনয়ে ফিরব, ইচ্ছা এটাই। সে জন্য আরও কিছুদিন সময় লাগবে।’

অভিনয় থেকে দূরে থাকা দিলগুলোর সবতা সন্তানকে দিচ্ছেন মাহি। এ নায়িকা বলেন, ‘অনেকে বলে, ব্যস্ততাই জীবন। তবে সেই ব্যস্ততা যে শুধু পেশাদারি হবে– এমন কোনো কথা নেই। এখন প্রতিটি দিন, মানে ২৪ ঘণ্টাই কাটছে আমার ছেলে ফারিশের সঙ্গে। মুগ্ধ চোখে ঘণ্টার পর ঘণ্টা ওর দিকে তাকিয়ে থাকি, প্রতিটি মুভমেন্ট আমি দেখি। এককথায় এখন ফারিশকেন্দ্রিক আমার জীবন। তাই ক্যামেরার সামনে দাঁড়াতে না পারা, আগের মতো দিনভর শুটিং নিয়ে ব্যস্ততা না থাকা– এসব নিয়ে একদমই ভাবছি না।’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।  চলতি বছরের ২৮ মার্চ রাকিব-মাহির ঘরে আসে পুত্র ফারিশ।

গত ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

আমাদেরকাগজ / এইচকে