নতুন প্রেমের গুঞ্জনে অনুপম!
বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে গায়কীর পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা হয়েছেন তিনি। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণাও দিয়েছিলেন।
এর মাধ্যমে পিয়া চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ ৬ বছরের দাম্পত্যে ইতি টানেন গায়ক অনুপম। ওই সময় অনুপম লিখেছিলেন, পিয়া এবং তিনি যৌথভাবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবাহবিচ্ছেদ যে তার কাছে বড় ধাক্কা ছিল সে কথা স্বীকার করেছিলেন তিনি। তবে সেই ঘটনার দেড় বছরের মাথায় টলিউডে জোর গুঞ্জন গায়িকা প্রস্মিতা পালের প্রেমে পড়েছেন অনুপম।
নির্মাতা রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রস্মিতা। তবে ‘শুধু তোমারই জন্য’, ‘কণ্ঠ’, ‘পোস্ত’সহ একাধিক সিনেমার জনপ্রিয় গান গেয়েছেন তিনি।
প্রস্মিতা অনুপমের সুরেও গান গেয়েছেন। ‘হাইওয়ে’ সিনেমায় অনুপমের সুর করা ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন প্রস্মিতা। কাঠমান্ডু ছবির ‘মন আমার’ গানটি অনুপমের সুরে দুজনে গেয়েছিলেন একসঙ্গে।
এ ছাড়াও দুজনেই ভারতীয় বাংলা গানের জগতের পরিচিত নাম, তাই একে অপরের সঙ্গে বন্ধুত্ব হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। অনুপমের মতোই প্রস্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপাতত সিঙ্গেল। এ কারণেই তাদের এই ঘনিষ্ঠতা দেখে জোর গুঞ্জন সেই বন্ধুত্ব কিছুটা হলেও এগিয়েছে সম্পর্কের দিকে!
শুধু রেকর্ডিং স্টুডিও আটকে নেই সেই সম্পর্ক। শোনা যাচ্ছে, একে অপরের কাছাকাছিও এসেছেন তারা। আর এই গুঞ্জনকে কিছুটা হলেও ইন্ধন দিয়েছে অনুপম রায়ের জন্মদিনের অনুষ্ঠান।
অনুপমের জন্মদিনে তার হাতেগোনা বন্ধুদের মধ্যে হাজির ছিলেন প্রস্মিতাও। সত্যিই কি গায়িকার প্রেমে পড়েছেন সংগীত অনুপম? এ বিষয়ে এই গায়কের জবাব, প্রস্মিতাকে তিনি এক দশক ধরে চেনেন, এটা শুধুমাত্র বন্ধুত্ব। তবে প্রস্মিতা পাল তার ভালো বন্ধু বলেই দাবি অনুপমের।
২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম। এটি তার দ্বিতীয় বিয়ে। বিয়ের ছয় বছরের মাথায় ২০২১ সালের ১১ নভেম্বর হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। সামাজিকমাধ্যমে এক যৌথ বার্তায় তারা লিখেছিলেন, আমরা, অনুপম এবং পিয়া, যৌথভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।
আমাদেরকাগজ / এইচকে