বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেলকে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি আদালত। শুধু আমিশা প্যাটেলই না, তার ব্যবসায়িক অংশীদার ক্রুনালের বিরুদ্ধেও একই মামলায় অভিযোগ আনা হয়েছে। ঝাড়খণ্ডের বাসিন্দা অজয় কুমার সিং এ মামলা দায়ের করেন। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রযোজক অজয় কুমার সিংয়ের দাবি, “দেশি ম্যাজিক” নামের এক সিনেমায় অর্থ বিনিয়োগের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমিশা। পরবর্তীতে তার কাছ থেকে সিনেমার নির্মাণ ও প্রচারণার জন্য আড়াই কোটি রুপি নেন আমিশা এবং ক্রুনাল।
অজয় কুমার সিংয়ের ভাষ্যমতে, আমিশা ও তার ব্যবসায়ীক অংশীদার আশ্বাস দিয়েছিলেন সিনেমার কাজ শেষ হওয়ার পর সুদসহ তারা তাকে পুরো টাকা ফেরত দেবেন। ২০১৩ সালে “দেশি ম্যাজিক” নামের ওই সিনেমার কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি।
কয়েক দফা বিলম্বের পর ২০১৮ সালের অক্টোবরে আমিশা অজয় কুমার সিংকে আড়াই কোটি এবং ৫০ লাখ রুপির দুটি চেক দিয়েছিলেন, যা বাউন্স হয়ে যায়। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করা হয়।
আমিশাকে আদালত ডেকে পাঠালেও তিনি বা তার তার আইনজীবী কেউই হাজিরা দেননি। তাই অসন্তোষ প্রকাশ করে আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আমাদেরকাগজ/ এইচকে






















