আমাদের কাগজ ডেস্কঃ মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় কথিত প্রযোজক রহমত উল্লাহের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্বারস্থ হন বলে জানা গিয়েছে। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।
সূত্র জানায়, শাকিব খান আলোচিত সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্ল্যাহ নামে এক প্রযোজক। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে শনিবার রাতে শাকিব গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ।
এর আগে গুলশান থানায় তার মামলা নেয়নি বলে জানা গিয়েছে।
মামলার বিষয় শাকিব জানান, “রহমত উল্ল্যাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এতে জড়িত।” সেই লোকেরা তাঁকে ইন্ধন দিয়েছেন বলেও দাবি করেন শাকিব খান।
আমাদের কাগজ/এমটি






















