বিনোদন ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৪৭

আমরা মন্দিরের ঘণ্টা, যে যেমন খুশি বাজিয়ে চলে যায়: কৌশানী

বিনোদন ডেস্ক : “আমরা আসলে মন্দিরের ঘণ্টা, যে পারে এসে বাজিয়ে চলে যায় । পাবলিক ফিগার হওয়া মানেই অলিখিত ঘোষণা, যে যেমন খুশি কথা বলতে পারে। ট্রোল করতে পারে। আমরা এগুলো নিয়েই সংসার করি। নেতিবাচক মন্তব্য এখন আমি উপভোগ করি এমন টাই জানিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় প্রযোজিত প্রথম ছবি “ডাল বাটি চুরমা” আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে । বাংলা সিনেমায় সাধারণত নায়িকাদের প্রযোজক হিসেবে খুব একটা দেখা যায় না। তাই এই সিনেমাটিকে ঘিরে কৌশানীকে নিয়ে তৈরি হয়েছি বাড়তি আগ্রহ। কৌশানীর সঙ্গে এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন বনি সেনগুপ্ত।

সিনামাটি মুক্তির আগে এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন কৌশানী । 

প্রথম প্রযোজনার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, “এটি বনি আর আমার প্রথম প্রযোজিত ছবি। এ সময় দু'রকমের দায়িত্ব আমার কাঁধে ছিল। শুটিং চলাকালীন গুরুদায়িত্ব ছিল যে সেটে উপস্থিত সকলের কোনো অসুবিধা হচ্ছে কি-না সেটার খেয়াল রাখা। সবার চাহিদা ঠিক মতো পূরণ হচ্ছে কি না, দেখার দায়িত্ব টাও ছিল আমার। শুধু তাই না, গানগুলো যেন ভাল হয়, সেই দিকে বিশেষ নজর দিয়েছি আমি। হ্যাঁ, টাকা পয়সার বিষয়ে খুব বেশি গভীরে ঢুকিনি। তবে চেক আমার হাত দিয়ে দেওয়া হয়েছে। কারণ বাড়ির লক্ষ্মী হিসেবে এমনটাই রীতি আমাদের পরিবারে। এখন ছবির প্রচারের অনেকটাই আমি পরিকল্পনা করছি।”

ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের বৈষম্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পারিশ্রমিক নিয়ে বৈষম্যটা আমাদের ইন্ডাস্ট্রিতে বেশি করে চোখে পড়ে। বলিউডে এই বৈষম্য থাকলেও, তাদের রোজগার এতটাই বেশি, তাই চোখে পড়ে না। তবে আমার প্রযোজনা সংস্থায় চেষ্টা করব, প্রত্যেকের প্রাপ্য পারিশ্রমিক যথাযথ দেওয়ার।”

কৌশানী আরও বলেন, আমাকে নায়কের তুলনায় অনেক বেশি কাজ করতে হয়েছে। আমায় অনেক বেশি দিন সময় দিতে হয়েছে। কিন্তু শেষে নায়ককেই বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে, আমায় নয়। আমি বনিকে অনেক বার প্রশ্ন করেছি। অনেক সময় বনির সঙ্গেই হয়তো ছবি করছি। ওর থেকে আমায় অনেক বেশি দিন সেই ছবির জন্য শুট করতে হয়েছে। কিন্তু দিনের শেষে আমাকে ওর থেকে কম টাকাই দেওয়া হয়েছে। তখনই বনিকে আমি বলেছিলাম, কেন এমনটা হয়?

আমাদেরকাগজ/ এইচকে