বিনোদন ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২৭

অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন শামীম

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। এরই মধ্যে একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন তারা। পর্দায় তাদের রসায়ন যতটা জনপ্রিয়, বাস্তব জীবনেও নাটকীয়তায় এই জুটির রোমান্সের পাল্লা ভারী।

সেই গুঞ্জনে আরেকটু ইন্ধন দিলেন অভিনেতা শামীম হাসান সরকার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) অহনার জন্মদিনে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। ঠিক এটাই পাঠকের জন্য প্রকাশ করা হলো।

‘শুভ জন্মদিন প্রিয় অহনা রহমান, আমি বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সাথে পরিচয় হয়। আমি তোমার ফ্যান ছিলাম, এখনো আছি কিন্তু আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় সুযোগ পেয়েছি, তোমার বন্ধু হতে পেরেছি। অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সাথে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই। তুমি দারুণ একটা মানুষ!’

তিনি আরও লেখেন, ‘সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তাভাবনা সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। তোমার সাথে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সবসময় শুভ কামনা। তোমার বন্ধু এবং ভক্ত, শামীম হাসান সরকার। (এটা তোমার সাথে আমার প্রথম সিকোয়েন্স এর শ্যুটিং এর ছবি যেটা নাটকের লাস্ট সিকোয়েন্স ছিল, আমার এই দিনটা সব সময় মনে থাকবে।)’

এর আগে, গোপনে বিয়ে করা নিয়ে আলোচনায় আসেন শামীম-অহনা। মূলত, অভিনেতাই মজার ছলে বিষয়টি উসকে দেন। ২২ জানুয়ারি মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে ‘বিবাহের হলফনামা’ প্রকাশ করেন শামীম। অহনাকে ট্যাগ করে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’

শামীম হাসান সরকারের সেই পোস্টটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

আমাদেরকাগজ/এইচএম