বিনোদন ২৮ ডিসেম্বর, ২০২২ ০১:০৫

মেয়ের শেষকৃত্যে জ্ঞান হারালেন তুনিশা শর্মার মা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ বিনোদন ডেস্কঃ তরুণ অভিনেত্রী তুনিশা শর্মার অকাল মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের বিনোদন জগত। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এখনও অনেকেই মেনে নিতে পারেননি। মেয়ে হারানোর শোক হয়ত এখনও কাটিয়ে উঠতে পারেননি তুনিশা শর্মার মা ভনিতা শর্মা।

সবশেষ মেয়ের শেষকৃত্যে নিজেকে সামলে রাখতে না পেরে তাই জ্ঞান হারালেন তিনি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ২০ বছর বয়েসী তুনিশার শেষকৃত্য সম্পন্ন হয়। 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের গোদেব শ্মশানে তুনিশার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্য ছাড়াও টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেক তারকা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। এসময় তুনিশার মা বনিতা শর্মা মেয়ের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে পড়েন। ২০১৮ সালে তুনিশার বাবা মারা যান। তারপর থেকে মা-মেয়ে পরস্পরের অনুপ্রেরণা ও শক্তি ছিল। সবকিছু মিলিয়ে মেয়েকে হারিয়ে দিশেহারা বনিতা শর্মা।

তুনিশার শেষকৃত্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পড়েছে। তা ছাড়াও কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তাতে দেখা যায়, অজ্ঞান অবস্থায় বনিতা শর্মাকে নিয়ে যাওয়া হচ্ছে।

মেয়ের মৃত্যুর পরই বনিতা শর্মা অভিনেতা শেজান খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কারণ সম্প্রতি তুনিশার সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানেন শেজান। আর এ কারণে তুনিশা আত্মহত্যা করেছেন বলে দাবি বনিতা শর্মার। তুনিশার আত্মহত্যার পরই শেজান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে বিস্ফোরক মন্তব্য করেন তুনিশার মা বনিতা শর্মাও। তার ভাষায়— ‘আগে থেকেই শেজান খান অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল; তারপরও তুনিশাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সে। ৩-৪ মাস শেজান খান আমার মেয়েকে শুধু ব্যবহার করেছে। আর তারপর তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি এই প্রতারকের শাস্তি চাই।’

জানা যায়, তুনিশা তার সহশিল্পী শেজান খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন। শুটিংয়ের পর শেজান মেকআপ রুমে যাওয়ার পর দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার চিৎকার করে তুনিশাকে ডাকেন। এরপর মেকআপ রুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তুনিশাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুধু ছোট পর্দা নয়, তুনিশা বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায় ক্যাটরিনা অভিনীত একাধিক সিনেমায় তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে দেখা গেছে তাকে। সালমান খানের ‘দাবাং-থ্রি’ এবং বিদ্যা বালানের ‘কাহানি টু’ সিনেমায়ও অভিনয় করেন তুনিশা। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সরব ছিলেন তুনিশা শর্মা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে তিনি নিজের একটি ছবি আপলোড করেছিলেন। ক্যাপশনে তুনিশা লিখেছিলেন, “তারা থামে না, যারা নিজের আবেগের কথা শোনে।” কিন্তু এই অভিনেত্রীর জীবনের চাকাও যে কয়েক ঘণ্টা থেমে যাবে, তা বোধহয় কেউ কল্পনাও করেনি তখন।

আমাদের কাগজ/ এম টি