বিনোদন ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন মডেল-অভিনেত্রী জান্নাত জেবা। সেখানে চলছিল বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। কিন্তু বার বার চেষ্টা করেও প্রবেশ করতে পরেননি এই মডেল। এরপরে স্টেডিয়ামের গেটেই অঝোরে কাঁদতে থাকেন জেবা।
সেই সময়ের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে জেবা বলেন, আমি দেখেছি টিকিট ছাড়া অনেকেই ঢুকে গেছে। এরপর হঠাৎ করেই গেট বন্ধ করে দেওয়া হয়। আমার টিকিট থাকা সত্ত্বেও কোনোভাবেই আমাকে ঢুকতে দেওয়া হয়নি। অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা আমার কথা শোনেইনি। এক গেট থেকে আরেক গেটে পাঠিয়েছে। আমি হয়রানির শিকার হয়েছি।
অবশেষে তিন ঘণ্টা পর জেবার কান্নার কারণেই শেষ মুহূর্তে এক ব্যক্তি তাদের স্টেডিয়ামে ঢুকতে দেন বলে জানান জেবা। তিনি বলেন, আমি বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। ক্রিকেট আমার আবেগ। টিকিট কেটেও যখন ভেতরে ঢুকতে পারছিলাম না, তখন অটোমেটিক আমার কান্না চলে আসছে। শেষ মুহূর্তে খেলা দেখার সুযোগ পেয়েছি, কিন্তু পুরো ঘটনা সুখকর ছিল না।
জেবা জানান, তার ইউনিভার্সিটিতে ক্লাস থাকায় স্টেডিয়ামে যেতে দেরি হয়েছিল। গিয়ে তিনি গেট বন্ধ দেখেন। তার দাবি, গেট খুলে টিকিট ছাড়াও অনেক মানুষকে ঢোকানো হয়েছে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি।
‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘বন্ধু যখন জামাই’সহ ১৫টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।
আমাদের কাগজ//জেডআই






















