বিনোদন ১ ডিসেম্বর, ২০২২ ০৭:৪২

সংসার জীবন নিয়ে অতিষ্ঠ অভিনেত্রী সারিকা

বিনোদন ডেস্ক: স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন তিনি। মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অভিনেত্রী জানান, তাদের বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ২০ লাখ টাকা। বিয়ের সময় তার মা-বাবা রাহীকে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ উপহার হিসেবে বাসার আসবাবপত্র দিয়েছেন। পরবর্তীতে ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে সারিকাকে নির্যাতন শুরু করেন রাহী। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলাটি করেন তিনি। গণমাধ্যমকে বলেন, ‘রাহী আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক—সব দিকেই টর্চার করেছে। সে যেভাবে টর্চার করেছে, তা সহ্য করার মতো নয়। সংসারজীবনে আমি অতিষ্ঠ।’

আরও বলেন, ‘অনেক কথাই বলার আছে আমার। এখনই সব বলতে পারছি না। একজন নারী কখন ঘরের বিষয়গুলো প্রকাশ্যে আনে, এটা বুঝতে হবে। তবে এটুকু বলব, পারিবারিকভাবে আমি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছি।’

প্রসঙ্গত, চলতি বছরের ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিকা-রাহীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর বাগদান সারেন তারা। তবে বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করলেন এ অভিনেত্রী।

আমাদের কাগজ//জেডআই