বিনোদন ১৩ নভেম্বর, ২০২২ ১০:০৮

আসছে ‘আরআরআর ২’

বিনোদন ডেস্ক: বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’ দিয়ে দর্শকদের মন জয় করার পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব আনার ঘোষণা দিলেন ভারতের অন্যতম প্রভাবশালী পরিচালক এস এস রাজামৌলি। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটির সিক্যুয়েল নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পরিচালক রাজামৌলি জানিয়েছেন, বাবা বিজয়েন্দ্র প্রসাদ আপাতত ‘আরআরআর’-এর দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের ওপর কাজ করছেন। পরিচালক আরও যোগ করেছেন, বাবাই তার জন্য সব চিত্রনাট্য লিখছেন। এবার তিনি ‘আরআরআর ২’-এর ওপর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, সিকুয়েল তৈরি করার পরিকল্পনা রয়েছে।

সারা বিশ্বের বক্স অফিসের নিরিখে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘আরআরআর’। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলি। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছে রাম চরণকে।

এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। রাম চরণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি। বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আমাদেরকাগজ/এইচএম