বিনোদন ১২ নভেম্বর, ২০২২ ০৩:০৬

মিমকে জড়িয়ে পরীর অভিযোগ, যা বললেন রাজ

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে বেশ সফল ঢালিউড অভিনেতা শরিফুল রাজ। ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’ এই ছবিগুলো বেশ  জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে। তবে হটাৎ করেই যেন কালো মেঘ জমতে শুরু করলো রাজ-পরী দম্পতির জীবনে।

একদিকে পরী অভিযোগ করছে, স্বামী রাজের সঙ্গে নায়িকা মিমের ‘অতি মাখামাখি’টা তার সংসার, বাচ্চা, জীবন সব কিছুতে ঝামেলা সৃষ্টি করছে। তবে রাজ বলছেন, ‘সত্যি বলতে, আমি আসলে কিছুই জানি না, কিছুই করিনি। অভিযোগ যেহেতু পরীর পক্ষ থেকে এসেছে আমি চাই সবটাই ও-ই পরিষ্কার করুক। সবার সংসারে কমবেশি খুনসুটি হয়েই থাকে, তাই বলে ব্যক্তিগত বিষয়কে অন্যভাবে জনসম্মুখে প্রচার বা প্রকাশ করা মোটেও শোভন নয়।’

পরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মিমের পাল্টা জবাব তারপর আবার পরীর প্রমাণসহ ফেসবুক পোস্ট— এসব কিছুতে অনুরাগীরা বিভ্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে রাজের অভিমত, ‘আসলে কারো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি এখনও বলব, আমরা ভালো আছি। পরীমণি তার দেওয়া প্রকৃত বক্তব্য সবার সামনে তুলে ধরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

 আমাদের কাগজ//জেডআই