নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। বিভিন্ন ইস্যুতে অনুরাগীরা তার সাহসিকতার পরিচয় পেয়েছে। এবার ব্যক্তিগত ইস্যুতে ফের আলোচনায় তিনি। সেখানে যুক্ত হয়েছে সফল জুটি রাজ-মিমের নাম।
বিয়ের পর থেকেই তারকা দম্পতি রাজ-পরীর ভালোবাসার নমুনা দেখেছে নেটিজেনরা। বেশ সুখেই কাটছিলো তাদের সংসার। হঠাৎ কেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে স্ট্যাটাস দিলেন পরীমণি- এমন প্রশ্নের উত্তর খুঁজতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। ইতোমধ্যে দুই নায়িকা নিজেদের অবস্থান থেকে বিষয়টি তুলে ধরেছেন।
পরীর এমন স্ট্যাটাসের জবাবে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন মিম। যেখানে তিনি উল্লেখ করেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোররাতে এ বিষয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললে, আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা দশজন আননোন লোকে বলতেই পারে, কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি, রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও।
তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সঙ্গে এই নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। পাঁচদিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।
কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা,আমার লাইফ- সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।
আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতোটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।’ সেখানে তিনি একটি আড্ডা অনুষ্ঠানের ভিডিও লিংক এবং পরীর সঙ্গে কনভারসেশনের একটি স্ক্রিনশট যুক্ত করেছেন।
আমাদের কাগজ/ ইআ






















