প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১০ হাজার ঘরবাড়ি। এবার এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ব্র্যাককে দেড় কোটি টাকার বেশি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশে বন্যায় তলিয়ে যায় এক হাজারের মতো চিংড়ির ঘের। মেটার সংকট ও দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে সরাসরি এই অনুদান দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশভিত্তিক উল্লিখিত তিনটি অলাভজনক সংস্থার ত্রাণ এবং দুর্যোগ প্রস্তুতিমূলক উদ্যোগেও সাহায্য করবে।
মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটসের ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে আছি। আমাদের পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য কঠোর পরিশ্রম করা স্থানীয় সংগঠনগুলোকে সাহায্য করবে। তাছাড়া দেশে সিত্রাং আঘাত হানার পরপরই মেটা ফেসবুকে একটি ক্রাইসিস রেসপন্স পেজ তৈরি করেছে। এর কমিউনিটি হেল্প ফিচার ব্যবহার করে যে কেউ সাহায্যের অনুরোধ করতে পারেন, অথবা খাদ্য, আশ্রয় এবং জরুরি স্থানান্তরের মতো সহায়তার প্রস্তাব দিতে পারেন। প্ল্যাটফর্মটিতে সেফটি চেকও চালু করা আছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিবার ও বন্ধুদের নিজের নিরাপত্তা বিষয়ে জানাতে পারবেন।
আমাদের কাগজ//জেডআই






















