বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৮ অক্টোবর, ২০২২ ০১:৫৬

দেশে কারখানা করছে সনি, শুরুতে টিভি উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

সনি ইলেকট্রনিক পণ্য বাংলাদেশসহ বিশ্বের ঘরে ঘরে। বাংলাদেশে সনির পণ্যের আলাদা চাহিদা রয়েছে। এবার বাংলাদেশে কারখানা করতে যাচ্ছে সনি। দেশের অন্যতম প্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে এই কারখানা হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এ কারখানা করবে সনি। শুরুতে সনির টেলিভিশন প্রস্তুত হবে এখানে। ২০২৩ সালের মধ্যেই কারখানার কাজ শেষ করার কথা রয়েছে। এ কথা জানিয়েছে স্মার্ট টেকনলোজিস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেয়েছি। আমাদের কারখানা প্রস্তুত হয়ে গেলে, দেশেই উন্নতমানের পণ্য উপাদন করতে পারবো আমরা। আমাদের মূল লক্ষ্য নিজেদের উৎপাদিত পণ্য দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা।”

এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সনি সাউথ-ইস্ট এশিয়া আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো ।

এ প্রসঙ্গে জাপান রাষ্ট্রদূত বলেন, আগামী বছর বাংলাদেশে জাপানের সনি কোম্পানির কারখানা চালু হতে যাচ্ছে, এটা দারুণ সংবাদ। বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকায় নতুন একটি ভোক্তা শ্রেণি তৈরি হয়েছে।আতসুশি এন্দোও জানালেন বাংলাদেশে সনির কারখানা নির্মাণের কথা। মোহাম্মদ জহিরুল ইসলামও তার বক্তব্যে দ্রুতই কারখানা নির্মাণ শেষ করে স্থানীয় উৎপাদনে যাওযার কথা জানান।

স্মার্ট ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, “বিশ্বব্যাপি আইটি, আইসিটি এবং ইলেকট্রনিক্স পণ্য একই ছাতার নিচে চলে আসছে। স্মার্ট টেকনোলজিস এই ডিজিটাল বিবর্তনের বাইরে নয়। এ কারণেই আমরা দেশের প্রথম প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছি। আমরা জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করছি। এরমধ্যে সনি-স্মার্ট গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকে থেকে বাজারে আসা ব্রাভিয়া ‘কে’ সিরিজের টেলিভিশনগুলো আমাদের ক্রেতাদের আরও বেশি বিনোদিত করবে বলেই আমি বিশ্বাস করি।”

২০২১ সালের ২৬ নভেম্বর বাংলাদেশে সনির পণ্য এবং অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলোজিস। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের তথ্যপ্রযুক্তি পণ্য বাজারজাত করছে।

আমাদের কাগজ//টিএ