টেক ডেস্ক
অ্যাপলের নিজস্ব গাড়ি বানানো নিয়ে আলোচনার বিষয়টি আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু প্রতিষ্ঠানের অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পটিতেও গোপনীয়তা থাকায় খুব বেশি তথ্য প্রকাশ করেনি অ্যাপল। তবে এবার গাড়ি বানাতে অ্যাপলের বিষয়টি আরেকবার সামনে এসেছে।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের মধ্যে একটি যাত্রীবাহী গাড়ির পাশাপাশি স্বচালিত গাড়ির ব্যবস্থা এবং ‘যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তি’ বানানোর লক্ষ্য রয়েছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির। এর আগে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, নিজস্ব গাড়ি বানানোর পরিকল্পনা বাদ দিয়ে শুধু স্বচালিত গাড়ির প্রযুক্তি বানাচ্ছে অ্যাপল।
অ্যাপল নিজস্ব গাড়ি বানাচ্ছে এমন গুজব চলে আসছে ২০১৫ সাল থেকেই। কিন্তু ২০১৬ সালে প্রকল্পটি লক্ষ্যণীয় মাত্রায় ছোট করে আনা হয়। পুরো গাড়ি বানানোর বদলে শুধু স্বচালিত গাড়ির প্রযুক্তি বানাচ্ছে অ্যাপল, এমন তথ্যই তখন সামনে আসে। ফলে, অন্যান্য প্রতিষ্ঠানের কাছে অ্যাপল এই প্রযুক্তির লাইসেন্স বিক্রি করবে বলে ধারণা ছিল।
এবার রয়টার্সের প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে, পুরো গাড়ি বানানোতেই আবার নজর দিয়েছে অ্যাপল। যদিও কবে নাগাদ এটি বাস্তবে দেখা যাবে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
প্রতিবেদন রয়টার্স বলছে, ২০২৪ সালে যাত্রীবাহী গাড়ি উৎপাদনের লক্ষ্য রয়েছে অ্যাপলের। তবে, মহামারীর বিলম্বের কারণে এটি ২০২৫ সাল বা তারও পরে চলে যেতে পারে। আবার অ্যাপল শুধু স্বচালিত গাড়ির প্রযুক্তিতেও মনযোগ দিতে পারে, এমন সম্ভাবনার কথা জানিয়েও সতর্ক করা হয়েছে প্রতিবেদনে।
স্বচালিত গাড়ির প্রযুক্তি বানাতে লিডার ব্যবস্থাসহ অন্যান্য কিছু যন্ত্রাংশের জন্য অ্যাপল তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীল হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।






















