সারাদেশ ১০ মে, ২০২৩ ০৫:১৪

ট্রাকে তুলে শিশুকন্যাকে ধর্ষণ, আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের এয়ারপোর্ট এলাকার ১০ বছরের শিশুকন্যাকে ট্রাকে তুলে ধর্ষণ মামলার আসামি ট্রাক চালক রওশনালী বেপারীকে (৪৭)  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ আটক করেছে। মঙ্গলবার, ৯ মে রাতে ট্রাকসহ রাজধানীর শ্যামপুর ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, গ্রেফতার রওশনালী পেশায় ট্রাকচালক। প্রায়ই ট্রাক চালিয়ে ভিকটিম শিশুর বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতেন। এভাবে হঠাৎ একদিন ভিকটিমকে রাস্তা দিয়ে একা আসতে দেখে ডেকে এনে কিছু চকলেট কিনে দেন।

বেশ কয়েকদিন ভিকটিমকে চকলেট, বিস্কুট কিনে দিয়ে তার বিশ্বাস অর্জন করেন। গত বছরের ২ আগস্ট সকালে রওশনালী ভিকটিমকে পেছনে দেখতে পেয়ে ডেকে ট্রাকে তুলে নেন। এরপর সিলেট এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলা এলাকায় নানাবুরার পাথরের সাইটের নির্জন রাস্তার পার্শ্বে ট্রাকটি থামায়।

সেখানে ট্রাকের কেবিনে শিশুটিকে ধর্ষণ করে, এতে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। এরপর বিকেলে শিশুটির জ্ঞান ফিরলে ধর্ষক রওশনালী তাকে বিস্কুট ও অন্যান্য জিনিষপত্র দিয়ে ট্রাক থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। আটক রওশনালীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আমাদেরকাগজ / এইচকে