রাজনীতি ৬ মার্চ, ২০২৩ ০১:৫৬

ক্ষমতা নয়, শেখ হাসিনাকে হটাতে চায় বিএনপি কাদের

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাওয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোই বিএনপির লক্ষ্য। তারা রাজনৈতিক আন্দোলন করলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংস হলে আমরা যেহেতু সরকারে আছি, আমাদের ব্যবস্থা নিতে হবে। বিএনপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, তাদের লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো।

তিনি বলেন, মানববন্ধন করছে তারা (বিএনপি)। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। এমন কী কমে গেছে তাদের নিজেদের নেতাকর্মীদের অংশগ্রহণ। সোমবার (৬ মার্চ) সচিবালয়ের যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন,গণতন্ত্রে ব্যাকডোরে কোনো আলোচনা হয় না; যা হয় প্রকাশ্যে। দরকার হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলব, আসুন আলোচনায় বসি।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট নতুন নয়। এ ধরনের কালো মেঘ অনুভূত হয়, তা আবার কেটেও যায়। এ মুহূর্তে বলা যাবে না, কখন কী হয়! তবে নির্বাচন সামনে রেখে বর্তমান সংকট কেটে যাবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৭১-এর চেতনায় বিশ্বাস করে না। তারা একাত্তরের চেতনাবিরোধী। বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা। সুযোগ পেলে তারা আবার এটি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আওয়ামী লীগ মাঠে না থাকলেই সন্ত্রাসী কার্যকলাপ করবে বিএনপি। তাই যতক্ষণ সরকার ক্ষমতায় আছে, জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে যে অর্থনৈতিক সংকট হয়েছে, তার জন্য আমদানি করা পণ্য কিনতে হচ্ছে অনেক বেশি দামে। তবে এ অবস্থা সামাল দেওয়ার জন্য সরকার তৎপর রয়েছে। সরকারের ওপর জনগণের আস্থা আছে।

আমাদের কাগজ/এমটি