আন্তর্জাতিক ১৫ আগস্ট, ২০১৯ ০৫:০৬

ভারতে খালাস পেলো গরু ব্যাবসায়ী পিটিয়ে হত্যা মামলায় অভিযুক্ত সব আসামী

হামলায় নিহত পিলু খানের পরিবারের আহাজারি

হামলায় নিহত পিলু খানের পরিবারের আহাজারি

আন্তর্জাতিক ডেস্ক।। ইমরান

বেশ কয়েক বছর যাবত ভারতে মুসলিম গরু ব্যাবসায়ীদের পিটিয়ে হত্যা করার মত ঘটনা ঘটছে। এনডিটিভির সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালের পর থেকে গরু রক্ষার নামে ভারত জুড়ে ১১০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় প্রাণ হারিয়েছে ৪৩ জন। ঠিক সেইরকম একটি ঘটনায় ৬ অভিযুক্তকে ভিডিওতে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে পুলিশ।

২০১৭ সালে ১ এপ্রিল জয়পুর-দিল্লি মহাসড়ক ধরে গরু নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে টেনে নামানো হয় পিলু খানকে। সংঘবদ্ধ পিটুনিতে মারাত্মক আহত অবস্থায় তিন দিন পরে হাসপাতালে মৃত্যু হয় তার। পিলু খানকে পেটানোর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বুধবার রাজস্থানের আদালতে ওই ছয় আসামিকে খালাস দিয়ে বলেছে ‘বেনিফিট অব ডাউট’ পেয়েছে এই অভিযুক্তরা। রায় ঘোষণায় আদালত বরেছে, ঘটনার সময় আসামিদের উপস্থিতি প্রমাণে এই ভিডিও যথেষ্ট নয়।

ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসামিদের নির্দোষ ঘোষণার পর আদালত কক্ষের বাইরে অবস্থানরত সমর্থকরা ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে ফেটে পড়ে।