নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৭ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার (২০ মে) প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ ছিল। তবে, এদিন মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) তা দিতে পারেনি। এ জন্য ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত নতুন করে তারিখ ধার্য করেন।
দুদকের জিআর শাখার কর্মকর্তার আক্কাস আলী এসব তথ্য নিশ্চিত করেন।
সাকিব বাদে এই মামলার অপর আসামিরা হলেন, সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক একটিভ ট্রাডিং, গেম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বৃদ্ধি করে বাজারে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান। এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।





















