নিজস্ব প্রতিবেদক
ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার যাবতীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনে স্পোর্টস কার্ড দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্পোর্টস কার্ড সুবিধার আওতায় ইতোমধ্যে আনসার ও ভিডিপির ১৫ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে দেশের ১০ ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তায় ৩৭৯ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ বাহিনীটি ২০০৪ সালে স্বাধীনতা পদকও পেয়েছে।
এদিকে, বাহিনীর কাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬, অঙ্গীভূত আনসার বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬-এর খসড়া প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার বিধিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে বাহিনী সদর দফতরে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হয়েছে বলেও তিনি জানান।





















