আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নয়াদিল্লিতে শুরু হওয়া ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচিকে স্বাগত জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (১৪ মে) দুই নেতা করমর্দন করেন এবং সংক্ষিপ্ত কুশলবিনিময় করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
দুই দিনের ব্রিকস বৈঠকে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বুধবার নয়াদিল্লি পৌঁছান আরাঘচি। দুই মাসেরও বেশি সময় আগে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারতের সঙ্গে তেহরানের এটিই প্রথম উচ্চ-পর্যায়ের কূটনৈতিক সম্পৃক্ততা।
ব্রিকস বৈঠকের পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে জড়িয়ে চলমান সংঘাতের কারণে পশ্চিম এশিয়ার অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, এই আলোচনায় হরমুজ প্রণালির বিষয়টি বিশেষভাবে স্থান পেতে পারে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেল এবং এলএনজি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের বিষয়ে ভারত তার উদ্বেগ তেহরানের কাছে তুলে ধরতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরাঘচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন। মূলত এই সংঘাতের সময়েও নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে তেহরান।
এই সম্মেলনের উচ্চ-পর্যায়ের কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার আরাঘচিসহ ব্রিকসের অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।





















