আন্তর্জাতিক ২ মে, ২০২৬ ০৯:১০

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ সরাতে গিয়ে বিস্ফোরণ, আইআরজিসি’র ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক 
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণের সময় এক ভয়াবহ বিস্ফোরণে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব কথা বলা হয়। 

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি’র একটি বিশেষায়িত ইউনিট ওই এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র শনাক্ত ও তা নিষ্ক্রিয় করার কাজ করছিল। উদ্ধার অভিযান চলাকালে দুর্ঘটনাবশত একটি শক্তিশালী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বিপুল পরিমাণ অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র রয়ে যাওয়ায় প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষি জমি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকাজ পুনরায় চালু করার লক্ষ্যেই আইআরজিসি এই বিশেষ অভিযান পরিচালনা করছিল। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।