আবহাওয়া ৬ নভেম্বর, ২০২৩ ০১:২৬

দেশের বাতাসে শীতের আমেজ, কমতে পারে রাতের তাপমাত্রা 

আমাদের কাগজ ডেস্ক : বাতাসে শীতের আমেজ। তাপমাত্রা কোথায়ও কোথায়ও কমে যাচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন কথা বলা হয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। (সোমবার) সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। 

এর আগের দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত প্রায় এক মাস ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মঙ্গল ও বুধবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল চট্টগ্রামে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় কিছুটা বাড়লেও দেশের বেশিরভাগ অঞ্চলে রাতের তাপমাত্রা কমেছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, এখন বাংলাদেশে চলছে হেমন্তকাল। বাংলা কার্তিক মাস। 

আমাদেরকাগজ/ এমটি