সড়ক দুর্ঘটনা ১২ নভেম্বর, ২০১৯ ০৫:৩৭

ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয়

ডেস্ক রিপোর্ট।। 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫ জনের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। নিহতদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

আজ ১২ নভেম্বর, মঙ্গলবার ভোর রাত ২টা ৫৩ মিনিট নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুর্ণা নিশীথার সাথে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। এছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান।

এখন পর্যন্ত নিহত যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মদনমোরাদ এলাকার আইয়ূব হোসেনের ছেলে আল-আমিন (৩৫), আনোয়ারপুর এলাকার মো. হাসানের ছেলে আলী মো. ইউসূফ (৩৫), চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও এলাকার সুজন (২৪), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজাগাঁও এলাকার মজিবুর রহমান (৫০) ও তার স্ত্রী কুলসুমা (৪২)।

দুর্ঘটনায় আরো অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। এছাড়াও আরো বেশ ক’জন বগির নিচে চাপা পড়ে আছেন। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।

মন্দবাগ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন চৌধুরী দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইনে ঢুকছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথাকে আউটারে থাকার সিগনাল দেয়া হয়েছিল। কিন্তু সেই সিগনাল অমান্য করে মূল লাইনে ঢুকে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমার কোনো দোষ নেই।’