ত্রিশালে বাসচাপায় প্রাণ গেলো ৪ জনের
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাস দুর্ঘটনায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছে আরও ১০ জনের মতো। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, (বুধবার) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তাঁরা।
ঘটনা সূত্রে জানা যায়, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের নামের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে বাসের চাকা নষ্ট হয়ে যাওয়ায় বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। ওই মুহুর্তে পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে যাত্রীদের ওপর দিয়ে চলে যায়। এতে
বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং ১০ জন আহতের ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া সময় পথে আরও একজনের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলের বিঘ্ন ঘটলেও পরে আস্তে আস্তে স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
আমাদেরকাগজ(এমটি)