সড়ক দুর্ঘটনা ২৫ জুলাই, ২০২৩ ১১:৫৪

ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আরও একজন নিহতের সংখ্যা বেড়েছে। এর আগে,  অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিল। এ সময় চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। 

এ ঘটনায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত ও সাতজন আহত হয়েছেন। পরে হাসপাতালে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শান্তা মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমজাদ হোসেন। তিনি একটি পরিবহনের কাউন্টারে বসতেন। ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫০)। পথচারী শাহাবুদ্দিন শাবু (৪৫) ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়া থাকতেন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন। সিরাজগঞ্জ জেলার সেতাবগঞ্জ থানার মোল্লাপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৪৪)।

জানা যায়, চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। 

নিহত আমজাদের ছোট ভাই মো. আমির হোসেন জানান, আমার ভাই একটি যাত্রীবাহী পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার ছিল। সোমবার দুপুরে চাষাঢ়া মেইন রাস্তায় হাঁটাহাঁটি করার সময় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে একই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিল। এ সময় চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি কয়েকটি যাত্রীবাহী গাড়িকে চাপা দেয়।

আমাদেরকাগজ/এমটি