আমাদের কাগজ রিপোর্ট: ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় ভুক্তভোগীদের পরিবারে চলছে শোকের মাতম। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এ ঘটনায় এখনো মামলা হয়নি। অন্যদিকে আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল মামলা না হওয়ার বিষয়টি নিশ্চত করেছেন।
শনিবার (২২ জুলাই) রাতে এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আহত বাকি দুজন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম এখনও ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, রবিবার সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। জেলা পুলিশের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সঙ্গে এ বিষয়ে একাধিকবার কথা হয়েছে। তারা কেউ মামলা করতে আগ্রহী নয়। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব। যদি কেউ মামলা করতে আগ্রহী না হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
আমাদের কাগজ/টিআর






















