আমাদের কাগজ রিপোর্ট: বগুড়ার আদমদীঘিতে থেমে থাকা একটি ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় দুই চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুরইল বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০) সহযোগী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) এবং অপর ট্রাকের মালিক ও চালক নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) ।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে মুরইল বাসস্ট্যান্ডের আগে খাড়ীর ব্রিজের কাছে একটি মালবাহী ট্রাক নষ্ট হয়। সেটি মেরামতের কাজ করছিলেন ট্রাকটির মালিক ও চালক মোস্তাক আলী। ওই সময় ঢাকা থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক নওগাঁ যাওয়ার পথে থেমে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোস্তাক ও অপর ট্রাকের সহযোগী সাইফুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ট্রাক দুটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।’
আমাদের কাগজ/টিআর






















