সড়ক দুর্ঘটনা ১৮ জুন, ২০২৩ ০৩:১২

বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

ফেনী প্রতিনিধি: ফেনীর বিসিক রাস্তার মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও এক বন্ধু। আজ রোববার (১৮ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। 


নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোর্ট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) ও একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত ব্যক্তি একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।

ঘটনা সূত্রে জানা যায়, ফেনীতে শনিবার (১৭ জুন) রাতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার (১৮ জুন)সকালে মোটরসাইকেলযোগে নিজ এলাকা কুমিল্লায় ফিরে যাচ্ছিল তিন বন্ধু। পরে সকাল সাড়ে ৭টায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। 

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। পরে বাকী দু’জনকে হাসপাতালে ভর্তি দেওয়ার কিছুক্ষণ পর সজীবও মারা যান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রোববার(১৮ জুন) সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আমাদেরকাগজ/এমটি