সড়ক দুর্ঘটনা ৬ মে, ২০২৩ ০১:১২

বাস দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী, হাসপাতালে স্বামী 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজশাহীতে বাসচাপায় নাসরিন সুলতানা (৪২) নামে এক নারী নিহতের ঘটনা ঘটেছে।  শুক্রবার (৫ মে) রাতে নগরীর বিনোদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে গুরুতর আহত স্বামী আবু তালেব (৫০)। হাসপাতালে রোগী দেখে ফেরার পথে এই  দুর্ঘটনাটি ঘটে। 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে তাদের বাড়ি। নাসরিন পল্লি বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসে বিলিং সহকারী পদে কর্মরত ছিলেন।

জানা যায়, সন্ধ্যায় রামেক হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে দুর্গাপুর ফিরছিলেন নাসরিন ও তার স্বামী আবু তালেব। বিনোদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা দুজনকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। নাসরিনের স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি