সড়ক দুর্ঘটনা ৩০ এপ্রিল, ২০২৩ ০৪:০৩

টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষ, নিহত ৪

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: টাঙ্গাইলের ধনবা‌ড়ি‌ উপজেলায় বাস ও অটোভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে একই দিন দুপুর পৌ‌নে ১টায় উপজেলার বা‌ঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এছাড়া এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত ব্যক্তিরা হলেন, গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তফা। ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার কালামের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রশ্নি ও একই এলাকার জয়নাল আবেদিনের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী বিথী আক্তার ও উপজেলার নরিল্যা গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম।

পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, রোববার দুপুরে জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হয়েছেন। 

পরে আহত পাঁচজনকে উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাস‌টি আটক করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি