আমাদের কাগজ রিপোর্ট: সাভারের আশুলিয়ায় বাসচাপায় মেহেদী হাসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী আশুলিয়ার ঘোষবাগ এলাকায় থেকে ইলেক্ট্রিশিয়ান হিসাবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল আলীনূর পরিবহনের দুটি বাস। বাস দুটি একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে উত্তেজিত জনতা ওই বাস দুটিতে আগুন দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই মাসুদ জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সড়ক থেকে বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
আমাদের কাগজ/টিআর






















