সড়ক দুর্ঘটনা ১৬ মার্চ, ২০২৩ ০১:৪৭

দাঁড়িয়ে কথা বলার সময় স্কুলছাত্রসহ দুজনকে চাপা দিলো বাস

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় (১৬ মার্চ)সকাল ৯টায় দিকে বাসচাপায় স্কুলছাত্রসহ দুজন নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী দু’ঘণ্টা সড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তমাল ভট্টাচার্য (১৭) স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তিনি এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ভ্যানচালক মো. আকাশ (১৯) একই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসা থেকে বৃহস্পতিবার(১৬ মার্চ) সকালে বিদ্যালয়ে যায় তমাল ভট্টাচার্য। পরে বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে সে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিল। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী দ্রুতগতির আল আমিন পরিবহনের একটি যাত্রীবাহী তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আমাদের কাগজ /এমটি