আমাদের কাগজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে অর্ধশত শিক্ষার্থীর আহতের ঘটনা ঘটেছে। এ সময় দিনাজপুরের স্বপ্নপল্লী যাচ্ছিলেন তারা। শনিবার দুপুরে সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
তথ্য অনুযায়ী, ঘটনার পর আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে দিনাজপুরের স্বপ্নপল্লী যাচ্ছিলেন তারা। এসময় আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা চালকসহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত হয় প্রায় ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের বর্তমানে সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান জানান, একসঙ্গে অনেকেই আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে তাঁদের। সব চিকিৎসক ও স্টাফরা একসাথে কাজ করছে।
আমাদের কাগজ/এমটি






















