আমাদের কাগজ ডেস্কঃ ওরস থেকে বাড়ি ফেরার পথে হ্যান্ডট্রলি উল্টে দুই কৃষি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে। নেত্রকোণায় একটি বাজারে। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। দুপুরে মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছে।
আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে জেলার মদন উপজেলার মদন-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- আদম আলী (৩২), রাসেল মিয়া (১৮)। আহত দুজন হলেন- একই গ্রামের অনিল মিয়া ও সরল মিয়া।
পুলিশ ও নিহতদের স্বজনদের বরাতে জানা গেছে, মদন পৌর সদরের মদন গ্রামে হযরত সৈয়দ আহম্মদ বসরী ওরফে বুড়াপীরের বাৎসরিক ওরস মাহফিল চলছিল। গত বুধবার ওরসের দ্বিতীয় রজনীতে জগন্নাথপুর গ্রামের ৬-৭ জন কৃষি শ্রমিক হ্যান্ডট্রলিতে করে ওরসে যান। ওরসে রাতব্যাপী গান শুনে আনুমানিক বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বাড়ির দিকে রওনা হন তারা। পথে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় হ্যান্ডট্রলির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া মারা যান। এ সময় পথচারীরা আহত হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
আমাদের কাগজ/এমটি






















