নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার চায়ের দোকানে ঢুকে পড়লে ভূষণ মণ্ডল (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত্য তিনজন। শনিবার, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভূষণ মণ্ডল রামপাল উপজেলার ভেকটমারি গ্রামের পিযুষ কান্তির ছেলে। কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অতিরিক্ত গতির কারণে মোংলা থেকে খুলনাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ভূষণ মণ্ডলসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভূষণ মণ্ডলকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরকাগজ/ এইচকে






















