সড়ক দুর্ঘটনা ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:২২

ঘন কুয়াশার মধ্যে বাসচাপায় ৪ জন নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ও রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের অটোরিকশা চালক নুরুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া সাকোয়া এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ অটোরিকশা যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। 

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। তিনি জানান, এ সময় আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।

আমাদের কাগজ/এম টি