নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গভীর রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। মেহেদী দুবাই প্রবাসী। মাস তিনেক আগে বাংলাদেশে এসেছেন। তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া মেহেদী হাসানের চাচা সালাউদ্দিন জানান, নিহতরা তিন বন্ধু মিলে রাতে ঘুরতে বের হয়। খিলগাঁও ফ্লাইওভারে আসা মাত্রই একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
আমাদের কাগজ//জেডআই






















