সড়ক দুর্ঘটনা ১২ নভেম্বর, ২০২০ ০৩:৩৫

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ডেস্ক রিপোর্ট

গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫২ বছর। তিনি গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মো. আবদুল মান্নান জানান, সন্ধ্যায় ধীরাশ্রম এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় তারাকান্দিগামী যমুনা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তবে তিনি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।