সড়ক দুর্ঘটনা ২ নভেম্বর, ২০২০ ০৫:১৫

ট্রেনের ধাক্কায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীতে পৃথক দুটি ঘটনায় ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। সোমবার দুটি দুর্ঘটনাই ঘটে সন্ধ্যার পর।

মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. হারুন বলেন, মোটরসাইকেলে দুজন ছিলেন। ঘটনাস্থলে সুমন দাস (৪৮) নামের একজন নিহত হন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ নাজিরেরবাগের বাসিন্দা। অপর ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অপর এক ব্যক্তি মারা গেছেন। সোমবার রাত পর্যন্ত ওই ব্যক্তির পরিচয়ও পাওয়া যায়নি। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক মো. মহিউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে। কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির দেহ ছিন্ন–বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত ব্যক্তি পঞ্চাশোর্ধ।

আইনি প্রক্রিয়া শেষে তিনজনের মৃতদেহই ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।