নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের জাহেদসহ তিনজন কর্মী মোটরসাইকেলে লাইন মেরামত করতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই জাহেদের (১৮) মৃত্যু হয়। এ সময় রায়হান (১৭) ও আল-আমিন (১৬) নামে আরো দুইজন গুরুতর আহত হন।
গুরুতর আহত আল-আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যু হয় রায়হানের। আল-আমিনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।






















