নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ছয়জনের মধ্যে ঢাকার বাসিন্দা রয়েছেন তিনজন এবং ঢাকার বাইরের রয়েছে তিনজন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৩১ জন। এর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৫ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২৭৬ জন।
অন্যদিকে, ৪৭৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ২২০ এবং ঢাকার বাইরে ২৫৫ জন।
আমাদেরকাগজ/এইচএম






















