নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২০ জনের মধ্যে নয়জন ঢাকার বাসিন্দা এবং ১১ জন ঢাকার বাইরের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮৯ জন। এর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৯ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন দেড়শ জন।
অন্যদিকে, হাসপাতাল থেকে ১১৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২ জন এবং ঢাকার বাইরে ৩৬ জন।
উল্লেখ্য, ২০২২ সালে জুলাই মাসে ডেঙ্গুর কারণে বছরের প্রথম মৃত্যু হয়েছিল। জুলাই মাসে নয়জন মারা যান। এরপর আগস্টে ডেঙ্গুতে ১১ জন, সেপ্টেম্বরে ৩৪ জন, অক্টোবরে ৮৬ জন, নভেম্বরে ১১৩ জন এবং বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জন মারা যান।
আমাদেরকাগজ/এইচএম






















