নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬৯ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৯৭ জনে। এছাড়া ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জনে।
শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৬৯ জনের মধ্যে ৪৮১ জন ঢাকার এবং ৩৮৮ জন ঢাকার বাইরের বাসিন্দা। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৯৭ জনে।
অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ১৩১ জন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ৮৫৩ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১১ হাজার ২৭৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ৪০০ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।
আমাদেরকাগজ/এইচএম






















