স্বাস্থ্য সেবা ২২ অক্টোবর, ২০২২ ০৬:২৭

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২২

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আত্রান্ত হয়ে আরও ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৪ জনে। এছাড়া  চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হযয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৫২০ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩২৮ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২২ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৫১৩ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

 

আমাদেরকাগজ/এইচএম