নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’মাস্ক সরবরাহের অভিযোগে আওয়ামী লীগের সাবেক নেত্রী ও অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শারমিন জাহানের মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
আজ মঙ্গলবার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আগামী ১৩ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।
গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে শারমিনকে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ জুলাই তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২৮ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।
সাবেক এই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ২৩ জুলাই রাতে বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই মাস্কের কারণে কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
মামলায় বিএসএমএইউয়ের প্রক্টর মো. মোজাফফর আহমেদ বলেন, গত ২৭ জুন শারমিন জাহানকে ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ দেয় বিশ্ববিদ্যালয়। কার্যাদেশের বিপরীতে ৩০ জুন প্রথম দফায় ১ হাজার ৩০০টি, ২ জুলাই দ্বিতীয় ও তৃতীয় দফায় ৪৬০টি ও ১ হাজারটি এবং ১৩ জুলাই চতুর্থ দফায় ৭০০টি মাস্ক সরবরাহ করেন। প্রথম ও দ্বিতীয় লটের মাস্কে কোনো সমস্যা ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর শেষে বিশ্ববিদ্যালয়েরই প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত তিনি। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের গোহালকান্দায়। তিনি মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী।






















